গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) ষষ্ঠ ধাপে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। আগামীকাল সোমবার (৩১ জানুয়ারি) এ নির্বাচন অবাধ,সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে। ভোটার যাতে করে নির্বিঘ্নে-শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধীকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রোববার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ডিউটি ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, এ নির্বাচনে যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন, তাদের দায়িত্ব-কর্তব্য যথাযথ ভাবে পালন করবেন। ভোটকেন্দ্রে যেন কোন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেবিষয়ে সজাগ থাকতে হবে।
এ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোখসানা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়,উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফজিলা বেগম প্রমুখ।
উল্লেখ্য, আগামীকাল ৩১ জানুয়ারি সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়নে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইসব ইউনিয়ন থেকে রাজনৈতিকভাবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৮ জন, জাতীয় পার্টির ৫ জন, জাকের পার্টির ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ জন, জাসদের ১ জন ও স্বতন্ত্র হিসেবে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া মহিলা সংরক্ষিত পদে ১৫০ ও সাধারণ সদস্য পদে ৪১০ জন প্রার্থী রয়েছে।
উপজেলার ৮ ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৭৯টি ও ৫৭১টি ভোটকক্ষে ১ লাখ ৭১ হাজার ৫৭২ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৮৫ হাজার ৪১ জন ও নারী ৮৬ হাজার ৫৩১ জন তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।
উপজেলার সবকটি ইউনিয়নে ৩১ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরামহীনভাবে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৫৯, মহিলা সংরক্ষিত ১৫০ ও সাধারণ সদস্য পদে ৪১০ জনসহ মোট ৬১৯ জন প্রার্থী তাদের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 









