গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে ইউপি নির্বাচনী প্রচার-প্রচারণার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটে। এসময় সরকারি পাজেরো গাড়ি, নৌকা প্রতীকের প্রচারণার মাইক, অটোভ্যান ও মাইক্রোবাস ভাঙচুর করে হামলাকারীরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৩০ জানয়ারি) বিকেলে মামলা করার বিষয়টি থানা সুত্রে জানা গেছে। ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীক প্রার্থী শফিকুল কবির মিন্টু বাদি হয়ে এ মামলা করেন। এতে নামীয় ৩১ জন ও অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করা হয়।
জানা যায়, গত শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাট সংলগ্ন অটোভ্যানযোগে নৌকার প্রচার চলছিল। এসময় চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম সিপনের কর্মী-সমর্থকরা হামলা চালিয়ে মাইক ও ভ্যান ভাঙচুর করে। এ সংবাদ পেয়ে নৌকা প্রতীক প্রার্থী শফিকুল কবির মিন্টু এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব ঘটনাস্থলে আসলে তাদেরও মাইক্রোবাস ও পাজেরো গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করাসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসব তথ্য নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীক প্রার্থী শফিকুল কবির মিন্টু বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলার আসামিদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবি জানাচ্ছি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, এ ঘটনায় গতকাল শনিবার একটি মামলা দায়ের হয়। এই মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















