গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জমিজমা সংক্রান্ত জেরে মকিজল (৬৫) নামে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামে এঘটনা ঘটে। নিহত মকিজল ওই এলাকার মৃত বাহাদুল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, মকিজলের সঙ্গে দীর্ঘ দিন ধরে প্রতিবেশী জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার ওই সময় বিরোধীয় জমি দখল করা নিয়ে প্রথমে উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে লাঠি দিয়ে মারামারি শুরু হলে লাঠির আঘাতে মকিজল ঘটনাস্থলেই মারা যায়।
সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 


















