গাইবান্ধা জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযানে পলাশবাড়ী উপজেলার দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ ফ্রেব্রুয়ারি) বিকেলে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (পদার্থ) প্রকৌশলী মো. আবদুর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার (বিস্কুট) করার অপরাধে ঢোলভাঙ্গা বাজারের মেসার্স ফাতেমা অ্যান্ড রাবেয়া ফুড প্রডাক্টসকে ২৫ হাজার টাকা ও একই উপজেলার ঠুটিয়াপাকুর বাজারে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে মেসার্স তাসফিয়া ফুড প্রডাক্টসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পলাশবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মো. দেলোয়ার হোসেন।
জনস্বার্থে প্রশাসন ও পুলিশের সহায়তায় বিএসটিআইয়ের এমন ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















