গাইবান্ধার সুন্দরগঞ্জে এক অসহায় পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী অসহায় নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামের হাছেন আলীর মেয়ে হাছনা বেগম (৩০) তার স্বামী জাহিদুল ইসলাম ও সন্তানদেরকে নিয়ে পিতার বাড়িতে অবস্থান করছেন। বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন থেকে তার পিতা হাছেন আলীর সঙ্গে প্রতিবেশী মৃত আব্দুল জলিলের ছেলে পুলিশ সদস্য আব্দুল লতিফ মিয়া ও লাহাব মিয়ার বিরোধ চলে আসছে।
এরই একপর্যায়ে ছুটিতে বাড়িতে এসে গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সকালে আব্দুল লতিফ মিয়াসহ আরও অপরিচিত ৪-৫ জন হাতে লাঠি, কুড়াল, দাঁ ও করাত নিয়ে হাছেন আলীর বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ৫টি আমের গাছসহ মালভোগ কলার গাছ কেটে ফেলে।
এতে বাঁধা দিতে গেলে হাছেন আলী ও তার মেয়ে হাছনা বেগমকে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। তখন তাদের চিৎকারে আশপাশ থেকে লোক ছুটে এসে বাবা ও মেয়েকে উদ্ধার করে৷ পরে বাবা-মেয়েসহ পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিয়ে লতিফ গংরা পালিয়ে যায়।
সুন্দরগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 

















