দিনাজপুরের চিরিরবন্দরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের মোহনপুর ব্রিজের পূর্বপাশে ঢাকা থেকে দিনাজপুরগামী যাত্রীবাহি কোচ হানিফ পরিবহন খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দু’জন নিহত ও কমপক্ষে ১০-১২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টায় উপজেলার মোহনপুর ব্রিজের পূর্বপাশে ঘটেছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দিনাজপুরগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের মোহনপুর ব্রিজের পূর্বপাশের গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় বাসের ভিতর থেকে অন্যান্য যাত্রীদেরসহ ২ জনের মরদেহ উদ্ধার করে। এসময় আহত ৭ জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নিহরা হলেন, দিনাজপুর সদর উপজেলার উথরাইল গ্রামের সরকারপাড়ার মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৫৫) ও বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিমউদ্দীনের ছেলে বাসের সুপারভাইজার জলিলউদ্দীন (৫০)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, দূর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল পূর্বক পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিহত পরিবারের কেউ বাদি হয়ে মামলা না করলে পুলিশ বাদী মামলা করা হবে।
অপরদিকে, একইদিন বেলা ১১টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বেলতলীবাজারের উত্তর পার্শ্বে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্বামী ও স্ত্রী গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন-পাবর্তীপুর উপজেলার ভবানীপুর গ্রামের স্বামী মো. মিজানুর রহমান (২৫) ও তার স্ত্রী মারুফা বেগম (১৯)। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















