দিনাজপুরের চিরিরবন্দরে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দেয়ার লোভ দেখিয়ে বিভিন্ন জনের নিকট অর্থ হাতিয়ে নেয়া, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টা হতে উপজেলা চত্ত¡রে যুবলীগ নেতা মামুনের নেতৃত্বে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় কবির হোসেন, মোজাম্মেল হক, আকবর আলী প্রমূখ বক্তব্য রাখেন। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গণস্বাক্ষরিত একটি অভিযোগ দেয়া হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা গুচ্ছগ্রামের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর আশ্রয়নের ত্রাণের ঘর বরাদ্দ দেয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। এছাড়াও তিনি একাই ৭টি ঘর দখল করে রেখে অন্য আরো ৫টি ঘর তার সন্তানদের নামে করে দখলে রেখে পোল্ট্রি খামার করেছেন। ওই গুচ্ছ গ্রামের সকল বড় বড় গাছগুলি রাতের আধাঁরে কেটে গোপনে বিক্রি করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে ওই গুচ্ছ গ্রামের প্রায় সকল খাস জমি ও কবরস্থান দখলে নেয়ার অভিযোগ রয়েছে। তার ছেলেরা সেনাবাহিনীতে চাকুরী করার সুবাদে ও খুঁটির জোর থাকায় কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পেত না। কিছুদিন পূর্বে খুঁটিগুলি মৃত্যুবরণ করায় গুচ্ছগ্রামের বাসিন্দারা বর্তমানে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
প্রতিবন্ধী চকো বেগম বলেন, প্রধানমন্ত্রীর নতুন ঘর বরাদ্দ দেয়ার নামে তার নিকট থেকে ১৬ হাজার টাকা নিয়েছেন আইয়ুব আলী। ভ্যানচালক রবিউল ও সালমা বেগম বলেন, নতুন ঘর দেয়ার নামে তাদের কাছেও ১০ হাজার টাকা নেয়া হয়েছে।
সরজমিনে গুচ্ছগ্রামে গিয়ে জানা যায়, ওই সভাপতি অন্তত ৫০ জনের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। গুচ্ছগ্রামের বাসিন্দারা জরুরীভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















