গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে সেতা খাতুন (১০) নামের এক শিশু নিখোঁজ হয়। অবশেষে নিখোঁজ হওয়ার ৪ ঘন্টাপর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার বাঙ্গালী নদীর পানিতে সেতা খাতুন নিখোঁজ হলে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যা ৬ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সেতা খাতুন বগুড়ার গাবতলী উপজেলার উজগাও গ্রামের লিটন মিয়ার মেয়ে।
স্বজনরা জানান, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে নানীর বাড়ি বেড়াতে আসে সেতা খাতুন। ওইসময় নদীতে গোসল করতে যায়। এরই মধ্যে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দল এসে সেতা খাতুনের মরদেহ উদ্ধার করে।
সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের রাকিব মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















