‘মোর বেটির একনা চিয়ার নিয়্যা দেও বাহে’ শিরোনামে জাগো২৪.নেট সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এই সংবাদটি নজরে পড়ে কবি-সাহিত্যিক টি.এম মনোয়ার হোসেন নামের এক ব্যক্তির। অবশেষে সেই প্রতিবন্ধী জাফরিন খাতুন (১৬) কে একটি হুইলচেয়ার দিলেন তিনি।
শুক্রবার (৫ আগস্ট) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর (উত্তরপাড়া) গ্রামের ওই প্রতিবন্ধীর স্বজনদের হাতে চেয়ারটি তুলে দেন টি.এম মনোয়ার হোসেন।
এসময় মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপন, মানবাধিকার কর্মী সালাউদ্দিন কাশেম, মনোহপুর ইউপি আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, কাজী বাবু ও সাংবাদিক আসাদুজ্জামান রুবেল উপস্থিত ছিলেন।
টি.এম মনোয়ার হোসেন পলাশবাড়ী সরকারি কলেজের ছাত্র। তাঁর বাড়ী গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের তরনীপাড়া গ্রামে। সে বর্তমানে পঞ্চগড় জেলা প্রশাসক পরিচালিত ‘কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন’ এ মাধ্যমিক শাখায় বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
হুইল চেয়ারটি পেয়ে জাফরিনের বাবা-মা বলেন, আমরা গরীব মানুষ। মেয়ের জন্য হুইল চেয়ার কেনার সামর্থ্য ছিল না। কত মানুষের কাছে ঘুরছি কেউই সহযোগিতা করেনি। আজ মনোয়ার হোসেন চেয়ার নিয়ে বাড়িতে এসেছেন। আমরা অনেকটাই আনন্দিত এবং তার জন্য দো’আ করি।
প্রসঙ্গতঃ পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর (উত্তরপাড়া) গ্রামের দিনমজুর জাহিদুল ইসলামের মেয়ে জাফরিন আক্তার জন্মগতভাবে প্রতিবন্ধী। মেয়েটির হাত-পা বাঁকা। স্বাভাবিকভাবে হাঁটা-চলাকরতে পারে না। দিন-রাত মাটি ঘেঁষে চলাফেরা করতে হয়। একটি হুইল চেয়ারের অভাবে ১৬ বছর ধরে মানবেতর জীবন যাপন করছে মেয়েটি। কিন্তু চেয়ার কেনার সামর্থ ছিলো না পরিবারটির।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















