কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে চিরিরবন্দরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানী তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি, আওয়ামী পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা ও মিথ্যা মামলাসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছে।
গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলা বিএনপির উদ্যোগে গ্রামীণ শহর রানীরবন্দরে নশরতপুর ইউনিয়নে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. মজিবর রহমান শাহ, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়ন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মমতাজ আলী বক্তব্য রাখেন।
অপরদিকে, উপজেলার ঘুঘুরাতলী ও আমতলীবাজারসহ উপজেলার ১২টি ইউনিয়নে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশে বিএনপি নেতা অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম, নুর আলম সরকার দুলু, সহযোগি অধ্যাপক মো. মেছবাহুল ইসলাম, অধ্যক্ষ মো. রেজাউল করিম, মো. শহিদুল ইসলাম বাদল প্রমূখ বক্তব্য রাখেন। পদযাত্রা ও সমাবেশে উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















