- গাইবান্ধা সদর উপজেলায় রাজু মিয়া (২০) নামের এক চালককে খুন করে তার অটোবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার কুপতলা ইউনিয়নের রাম প্রসাদ এলাকার রেল লাইনের ৬৫-এফ নং ব্রীজের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাজু মিয়া সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় (চান্দের বাজা) গ্রামের শফিউল ইসলামের (ভুন্দু) ছেলে।
স্বজনরা জানায়, গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে রাজু মিয়া তার অটোবাইক নিয়ে বের হয়। এরপর সন্ধ্যা ঘনিয়েও বাড়িতে ফেরেনি। পরে মোবাইলে কল দেওয়া হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে ওই স্থানে রাজুর জবাই করা মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে ওই স্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















