কৃষক নিরঞ্জন সরকার। গবাদীপশু পালন করে ভালোই চলছিল সংসার। এ থেকে আরও সচ্ছলতা হওয়ার স্বপ্ন বুনছিলেন। এরই মধ্যে কয়েলের আগুনে তছনছ হয়েছে তার কাঙ্খিত স্বপ্ন। যেন চোখের নিমিষে ৪ টি গরু ও ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এখন নিঃশ্ব এই পরিবারটি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের হাসানখোর পশ্চিম পাড়া গ্রামে দেখা যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য। এসময় চরম দুশ্চিন্তায় ফ্যাল ফ্যাল চোখে তাকিয়েছিল নিরঞ্জন সরকার।
ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায়, সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আগুনের তাপ অনুভূত হয়। এমতাবস্থায় জেগে উঠে দেখে গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা তীব্রতর হওয়ায় কেউ গোয়াল ঘরে প্রবেশ করতে না পারায় ৫টি গবাদি পশু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। গোয়াল ঘরের কয়েল থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন তারা।
কৃষক নিরঞ্জন সরকার বলেন, অতিকষ্টে গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করে আসছিলাম। তা আগুনে সবই পড়ে গেছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াবো এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ছি।
এ বিষয়ে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারে সহযোগিতা করা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















