দিনাজপুরের খানসামায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাকেরহাটে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন সওয়াব’র পক্ষ থেকে ৫০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। ছওয়াব’র হেড অফ প্রোগ্রাম লোকমান হোসাইন তালুকদারের সভাপতিত্বে ও ভলান্টিয়ার এস এম রকির সঞ্চালনায় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। অনুষ্ঠানে আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, ইউপি সদস্য শাহজাহান পাটোয়ারীসহ ছওয়াব’র ভলান্টিয়ার ও সুধীজন উপস্থিত ছিলেন।
সাম্যতা ও সবার জন্য সমান অধিকারের লক্ষ্য নিয়েই ১৯৯৫ সালে ছওয়াব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি বর্তমানে পুরো দেশে তাদের মানবিক কাজ পরিচালনা করছে। সংগঠনটি গুণগত শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ সমাজের যেখানেই মানবিক বিপর্যয় হয় সেখানেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায় উপজেলার পাকেরহাটে ৫০জন অটিস্টিক ও প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















