গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ডিবি পুলিশ। এসময় ১ কেজি গাঁজা, ২৫ বোতল ফেনসিডিল ও ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সঙ্গে ৩ মাদক কারবারিকেও আটক করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।
আটককৃতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জাকলাতারি গ্রামের গোলাম রব্বানীর ছেলে রুবেল হোসেন (৩৫), বরগুনা সদর উপজেলার ছোট গৌরীচন্না গ্রামের আব্দুস সোবাহানের ছেলে জসিম মিয়া (৪২) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি গ্রামের তাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম(২৫)।
এ তথ্য নিশ্চিত করে ওসি মোখলেছুর রহমান বলেন, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের পশ্চিম পাশে রংপুর-বগুড়া মহাসড়কে বগুড়াগামী আল্লাহ মহান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এসময় সিটে থাকা রুবেল হোসেনের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়েছে। পাশাপাশি জাগরণ পরিবহন নামের যাত্রীবাহী বাস থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ জসিম মিয়াকে আটক করা হয়।
অপরদিকে, সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের জুনিদপুর গ্রামস্থ জাকির মন্ডলের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার ওপর রুবেলের কাছে থাকা ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















