গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। এ শহরের আবু তালেব মিয়া এমপি চত্বরের (চৌমাথা মোড়) যানজট নিরসনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর শহরস্থ রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করা হয়।
এসময় থানা পুলিশ সদস্যসহ বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, সাদুল্লাপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান বলেন, এই শহরে মাঝে মধ্যে যানজটের সৃষ্টি হয়। এটি রোধকল্পে রাস্তার দুইপাশে অস্থায়ীভাবে গড়ে ওঠা কাঁচা বাজার, ফলের দোকান ও অন্যান্য ক্ষুদ্র দোকানপাট উচ্ছেদ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে একজনের অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















