গাইবান্ধা সদর উপজেলায় রাজু মিয়া (২০) নামের এক অটোবাইক চালককে জবাই করে তার অটোবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত ফ্যাকা চন্দ্র বর্মন বিনয় (২৪) নামের এক খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অটোবাইকটিও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত বিনয় চন্দ্র সাদুল্লাপুর উপজেলার পশ্চিম ভাঙ্গামোড় (মান্দুয়ারপাড়া) গ্রামের মৃত ভবেশ চন্দ্র বর্মনের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারির যে কোন সময়ে আজ্ঞাতনামা আসামিরা রাজু মিয়াকে জবাই করে তার ব্যবহৃত অটোবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। এরপর প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ করে ২৬ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে ঢাকা থেকে আসামি বিনয় চন্দ্রকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতো ২৭ ফেব্রুয়ারি পলাশবাড়ী উপজেলার হাসবাড়ি এলাকা থেকে ছিনতাই হওয়া অটোবাইকটি উদ্ধার করা হয়েছে।
গাইবান্ধার সদর থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, রাজুকে হত্যার বিষয়ে অন্য কোন রহস্য লুকিয়ে আছে কিনা, সেবিষয়ে তদন্ত অব্যাহত আছে।
জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে রাজু মিয়া তার অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যা ঘনিয়েও বাড়িতে ফেরেনি। পরে স্বজনরা মোবাইলে কল দিলে তার ফোনটি বন্ধ পায়। খোঁজাখুঁজির একপর্যায়ে ১৮ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের রাম প্রসাদ এলাকার রেল লাইনের ৬৫-এফ নং ব্রিজের পাশ থেকে রাজুর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজু মিয়া সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় (চান্দের বাজা) গ্রামের শফিউল ইসলামের (ভুন্দু) ছেলে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















