দিনাজপুরের খানসামায় পল্লীবিদ্যুতের খুঁটিতে উঠে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজুর রহমান ওরফে শুভ (৩২) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি শনিবার দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামে আত্রাই নদীর পশ্চিশপাড়ে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পল্লীবিদ্যুতের খুঁটিতে উঠে হাফিজুর রহমান ওরফে শুভসহ দুইজন শ্রমিক বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার কাজ করছিল। কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ হলে লাইনম্যান হাফিজুর রহমান ওরফে শুভ (৩২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুজ্জোহা মুকুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
খানসামা পল্লীবিদ্যুৎ সমিতি-১’র এজিএম ইফতেখার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমাদের জন্য দুঃখজনক ও বেদনাদায়ক। অসাবধানতা বসতঃ লাইন দেয়ায় এ দূর্ঘটনাটি ঘটেছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















