দিনাজপুরের চিরিরবন্দরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইউনিয়নভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে দেশাত্ববোধক, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত ও আধুনিক গানের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
৯ মার্চ সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলার রানীরবন্দরের ইছামতি ডিগ্রি কলেজ হলরুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুর জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন।
উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য হামিদুল হকের সভাপতিত্বে এসময় শিল্পকলা একাডেমির সদস্য সাংবাদিক মোরশেদ উল আলম, আব্দুল মান্নান মন্ডল মানু, রতন বর্মন, তনুশ্রী বর্মন, রনজিদ রায়, চঞ্চল রায় প্রমূখ বক্তব্য রাখেন। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে উপজেলার ৪টি ইউনিয়নের শতাধিক প্রতিযোগি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় দেশাত্ববোধক গানে ভূষিরবন্দর উচ্চ বিদ্যালয়ের জয়িতা রায়, রবীন্দ্র সঙ্গীতে আলোকডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয়ের দেবযানী অধিকারি, নজরুল সঙ্গীতে সানলাইট স্কুলের তনিমা মুখার্জি, লোক সঙ্গীতে সানলাইট স্কুলের পুষ্পা কর্মকার, আধুনিক গানে সানলাইট স্কুলের নওরিন নোভা প্রথমস্থান অধিকার করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















