অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুদ করে রাখার অপরাধে দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালত ৫ ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে। গত ১৪ মার্চ মঙ্গলবার বিকাল ৫টায় চিরিরবন্দর রেলওয়ে স্টেশন রোডে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স না থাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুদ করে রাখার অপরাধে ভাই ভাই স্টোরকে ৫ হাজার টাকা, আয়েশা অটোকে ১০ হাজার টাকা, ইমন ক্রোকারিজকে ২০ হাজার টাকা, অনামিকা ইলেকট্রোনিক্সকে ১৫ হাজার টাকা ও মেসার্স তোফাজ্জল সরকার ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা করেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান জানান, অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি করায় দেশের বিভিন্ন স্থানে মারাত্নক দূর্ঘটনা ঘটছে। এ কারণে যারা লাইসেন্স বিহীন বা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫ ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহাবুর আলম উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















