দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক সমাজ উন্নয়ন সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ২৬ বছর পর আগামী ১৮ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সমিতির ভোটারদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রার্থীদের বেড়েছে ব্যস্ততা। তারা ভোটারদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করছেন। দিচ্ছেন প্রতিশ্রুতি। নির্বাচনে ২টি প্যানেলসহ ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন-সভাপতি পদে আগষ্টিন হেমরম (আম), যোসেফ হাঁসদা (কলা) ও রুহিদাস টুডু (আনারস), সহ-সভাপতি পদে- লুকাস মার্ডি (চেয়ার), মিষ্টার লক্ষণ মার্ডী (মই), সাধারণ সম্পাদক পদে-নিতাই হাঁসদা (হাতি), শিবু হাঁসদা (বাঘ), ডুই টুডু (মোরগ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে- হরিনাথ হেমব্রম (বৈদ্যুতিক ফ্যান), লক্ষী রাম হাঁসদা (চশমা), কোষাধ্যক্ষ পদে- রাইমত টুডু (রিকশা) ও মিলন সরেন (উড়োজাহাজ) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৭১ জন। নির্বাচনে ৪টি কেন্দ্রের মধ্যে ইছামতি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে নশরতপুর ইউনিয়নের ৫৪ জন, সাতনালা ইউনিয়নের ৫০ জন, ফতেজংপুর ইউনিয়নের ৮১ জন, সাঁইতাড়া ইউনিয়নের ৯৮ জন, তেঁতুলিয়া ইউনিয়নের ১৫১ জন, আলোকডিহি ইউনিয়নের ১০১ জন, রাজাপুর মিশন স্কুল কেন্দ্রে ঈসবপুর ইউনিয়নের ২৪৮ জন, আব্দুলপুর ইউনিয়নের ৯১ জন, অমরপুর ইউনিয়নের ৪৪০ জন, দূর্গাডাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আউলিয়াপুকুর ইউনিয়নের ৩৯৭ জন, ভিয়াইল ইউনিয়নের ৪৬২ জন এবং আমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুনট্টি ইউনিয়নের ২৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনকে কেন্দ্র করে সমিতির ভোটারদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার মুহা. ইউনুস আলী জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জানান, নির্বাচনে কোন প্রকার বিশৃংখলা ও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















