বাংলাদেশ রেলওয়ে বিভাগে ওয়েম্যান পদে চাকুরি দেওয়ার নাম করে গাইবান্ধার সুন্দরগঞ্জে ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভূতক্তভোগি সুজন বাবু।
এই সুজন বাবু সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামের সুখী লালের ছেলে। পেশায় তিনি একজন চা বিক্রেতা।
রোববার (১৯ মার্চ) দুপুরে সুন্দরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্যে সুজন বাবু জানান, বাংলাদেশ রেলওয়েতে ওয়েম্যান পদে কর্মরত একই গ্রামের মাহাতাব ব্যাপারির ছেলে আসাদুল ইসলাম ৬ মাসের মধ্যে ওয়েম্যান পদে চাকুরি দেওয়ার নাম করে ২০১৮ সালে ৬ লক্ষ ৫ হাজার টাকা তার কাছ থেকে গ্রহণ করে। এসময় আসাদুলের বড় ভাই ফজলুল হক ও ভাতিজা ফারুক মিয়া উপস্থিত ছিলেন বলে জানান। সুজন বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে চাকুরি পাওয়ার আশায় টাকা দেয়। কিন্তু ৪ বছর পেরিয়ে গেলেও তার চাকুরির কোন খবর নেই। সুজন বাবু পরে জানতে পারেন আসাদুল একজন প্রতারক। এভাবে চাকরি দেওয়ার নাম করে আরও বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছে এবং প্রতারণা করেছে। টাকা দিয়ে চাকুরি না পেয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছে সুজন।
সুজন আরও বলেন, চাকরির আশা ছেড়ে দিয়ে টাকা ফেরত চাইলে ৬ মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। এরপর ৬ মাসও পার হয়েছে কিন্তু টাকা পাইনি। এখন টাকা চাইতে গেলে আসাদুল ও তার লোকজন বিভিন্ন ধরণের হুমকি দেয়। এমনকি পর পর কয়েকদিন গভীর রাতে আসাদুলের বাহিনী সুজনের বাড়িতে হামলা চালিয়েছে বলে জানান।
ওই সম্মেলনে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুর করিমসহ ৪-৫ জন উপস্থিত ছিলেন। চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণা করায় তার শাস্তি দাবি করেন সুজন।
এ বিষয়ে সংবাদকর্মীরা অভিযুক্ত আসাদুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















