দিনাজপুরের চিরিরবন্দরে স্বপ্নের ঠিকানা পেলেন ২৪০ পরিবার। সারাদেশের ন্যায় চিরিরবন্দরে চতুর্থ পর্যায়ে গৃহহীন ও ভূমিহীনদের ঘর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ২২ মার্চ বুধবার সকাল ৯টায় ভার্চুয়ালি যুক্ত থেকে সারাদেশে এক যোগে এসব ঘর উদ্বোধন করেন তিনি। এতে তৃতীয় পর্যায়ের ১৫৫টি ও নতুন ২৪০টিসহ উপজেলায় মোট ৩৯৫টি ঘর উদ্বোধন করা হয়। ইতিপূর্বে প্রথম পর্যায়ে ২১৫টি, দ্বিতীয় পর্যায়ে ১৩০টি উদ্বোধন করা হয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, সহকারী কমিশনার (ভুমি) রুনাল্ট চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, বীরমুক্তিযোদ্ধা মো. মমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ্, আব্দুর রহিম, সন্তোষ কুমার রায় প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলার ভিয়াইল ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া বিমল মার্ডী, একরামুল হক, সাঁইতাড়া ইউনিয়নের মিনু রানী রায়সহ অনেকে বলেন, আমরা খুব খুশি যে প্রধানমন্ত্রী আমাদের জন্য ঘরের ব্যবস্থা করে দিচ্ছেন। স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে, আমরা জমিসহ ইটের তৈরি নতুন ঘর পাবো। শেখের বেটি হাসিনা আমাদের ইটের তৈরি ঘর দিবেন, শেষ বয়সে এই ঘরে নিশ্চিন্তে থাকতে পারবো। প্রধানমন্ত্রীর জন্য আমরা প্রাণ ভরে দোয়া করবো।
অসহায় ভূমিহীন ও গৃহহীনদের সাথে কথা বলে জানা যায়, ঘরের সাথে জমির কাগজপত্রের মালিকানা পাওয়ার কথা ভেবেই তারা এখন ভীষণ খুশি। বিনামূল্যে এসব ঘর পেয়ে আনন্দে আপ্লুত সুবিধাভোগীরা। তাদের অনেকেরই কাছে এরকম একটি ঘরের মালিক হওয়া ছিল স্বপ্নের মতো। অবশেষে তাদের এ স্বপ্ন পুরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নিজেদের স্থায়ী ঠিকানা হওয়ায় খুশি এই জনপদের ভূমিহীন ও গৃহহীনরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রাণ খুলে দোয়াও করছেন অনেকে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















