গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর সোহেল রানা (২৩) হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল খালেক (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব। এই আসামি দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আব্দুল খালেক উপজেলার উত্তর শ্রীপুর (গাছবাড়ী) গ্রামের মৃত আবুল হোসেসের ছেলে এবং হত্যার শিকার সোহেল রানা একই উপজেলার দক্ষিণ সীচা (গাছবাড়ী) গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৩০ মার্চ) র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জের উত্তর শ্রীপুর (গাছবাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আব্দুল খালেককে গ্রেফতার করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ নিজেকে আত্নগোপন করে বারবার তার অবস্থান পরিবর্তন করতেন। তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা হত্যা মামলার এজাহার নামীয় আসামি বলে স্বীকার করেছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আব্দুল খালেককে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















