ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিসহ ৩ দফা দাবিতে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ এপ্রিল) গণতান্ত্রিক ছাত্র জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর শহরের ১নং ট্রাফিক মোড়ে গণতান্ত্রিক ছাত্র জোটের জেলা সমন্বয়ক মৈত্রেয় হাসান জয়িতার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাস, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি তাহমীদ চৌধুরী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক শামীম আরা মিনা প্রমুখ।
বক্তারা, ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট নামক নির্বতনমূলক আইনে লেখক-সাংবাদিক-বুদ্ধিজীবীদের হয়রানী করে আসছে। এই সরকারের শাসন বেশিদিন স্থায়ী হবে না। আজকে সারাদেশে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি মানুষের জীবনকে নাভিশ্বাস করে তুলেছে, সেই সত্য যখন শামসুজ্জামান সামসের মত সাংবাদিকরা মানুষের সামনে তুলে ধরছে, তখন শাসুজ্জামানদের জেলে পুড়ে মানুষের কন্ঠরোধ করছে।
বক্তারা আরও বলেন, সরকারের দুঃশাসনে দেশের জনগণ তার ক্ষুধার কথাও প্রকাশ্যে বলতে পারছে না। চরম নিপীড়নের মাধ্যমে দমন করা হচ্ছে জনগণের প্রতিবাদের ভাষা। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বলা হচ্ছে প্রথম আলোর রিপোর্ট দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। কিন্তু সারাদেশে যে নীরব দুর্ভিক্ষ চলছে, যে গণতন্ত্রহীন পরিবেশ বিরাজ করছে। নওগাঁতে র্যাব হেফাজতে জেসমিন হত্যাকান্ডের ঘটনা ঘটছে এই প্রত্যেকটি ঘটনা একটি সভ্য রাষ্ট্রের ভাবমূর্তি হতে পারে না। সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে তার দুঃশাসন টিকিয়ে রাখার যন্ত্রে পরিণত করেছে। অবিলম্বে শামসুজ্জামান শামসের মুক্তি, জেসমিন হত্যার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















