বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ নির্মাণ প্রকল্পের আওতায় দিনব্যাপী বিশেষ সেমিনার “উগ্রবাদ প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম (নতুন) এ সেমিনারটি অনু্ষ্ঠিত হয়। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) আয়োজনে এ সেমিনারে সহায়তা করেন লালমনিরহাট জেলা পুলিশ। সেমিনার পরিচালনা করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ডিএমপির এডিসি মো. আহমেদুল ইসলাম। তিনি বিভিন্ন স্লাইড ও ভিডিও ফুটেজের মাধ্যমে উগ্রবাদ জঙ্গিগোষ্ঠী সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি স্লাইড এর মাধ্যমে দেখান কিভাবে ধর্মভীরু মুসলমানদেরকে জঙ্গি গোষ্ঠী ধর্ম ও সংস্কৃতিকে মুখোমুখি দাঁড় করিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে দেয়ার অপচেষ্টা করে। সেজন্য জঙ্গিবাদ দমনে সমাজের সকলকে সর্তক থাকার বিষয়ে বিস্তারিত জানান। জঙ্গিবাদ প্রতিরোধে অনলাইনে ছড়ানো কন্টেন্ট গুলো যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা যাবে না, পরিবারে সন্তানদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে, ধর্মের বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে হবে। এছাড়াও সাইবার ক্রাইম প্রতিরোধে করণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক ভিডিও ক্লিপ প্রদর্শন করানো হয়।
সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ,পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম উপস্থিত ছিলেন।
সেমিনারে সাংবাদিক, কবি-সাহিত্যিক জনপ্রতিনিধি, চেয়ারম্যান, কাউন্সিলর, ইউপি সদস্য, গ্রামপুলিশসহ অন্যান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 


















