দিনাজপুরের চিরিরবন্দরে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কে কোচ ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে পিতা-মাতা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছে। এ সড়ক দূঘটনাটি বৃহস্পতিবার বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের উচিৎপুর শিবকুড়ী নামক স্থানে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা থেকে দিনাজপুরে হাসপাতালে রোগী দেখার উদ্দেশ্যে একটি থ্রি-হুইলারে করে ছেলে ও ভাতিজাকে সাথে নিয়ে উত্তম-পল্লবী দম্পতি রওনা দেন। থ্রি হুইলারটি উপজেলার উচিতপুর গ্রামের শিবকুড়ী নামক স্থানে পৌঁছলে দিনাজপুর থেকে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি কোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় পিতা-মাতাসহ থ্রি হুইলার চালককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে পিতা-মাতা মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন- পার্বতীপুর উপজেলার হরিরামপুর গ্রামের শংকর রায়ের ছেলে উত্তম রায় (৩৫), তার স্ত্রী পল্লবী রায় (৩২),শিশুপুত্র অর্ণব রায় (৯) এবং ভাতিজা অপূর্ব রায় (১২)। এছাড়াও জেলার নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার প্রফুল্য রায়ের স্ত্রী জ্যোতিকা রায় ও থ্রি-হুইলারচালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনার পর মহাসড়কে যানচলাচল প্রায় ঘন্টাব্যাপি বন্ধ থাকায় মহাসড়কের উভয়দিকে ১ কিলোমিাটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ফলে দূর পাল্লার যাত্রীদের অসহনীয় দূর্ভোগ পোহাতে হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলেই পৌঁছেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক কোচটি পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারে ২৫ হাজার ও আহতদেরকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















