দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনাটি গত ১৬ মে মঙ্গলবার দিবাগত রাত পৌঁণে ১২টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের শাহাপুর গ্রামের কামারপাড়া স্থানে সীমান্ত পিলার ৩০৫ (৫/৬) এর সন্নিকটে ঘটেছে। নিহত মঞ্জুরুল ইসলাম ওই এলাকার মজিবর রহমানের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জুরুল ইসলামসহ কয়েকজন মাদক ব্যবসায়ী গভীর রাতে আমতলী সীমান্তের ৩০৫ (৫/৬) নং পিলারের সন্নিকটে মাদকদ্রব্য আনতে সীমান্তের ওপারে যাওয়ার চেষ্টা করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মঞ্জুরুল নিহত হয় এবং অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সংবাদ পেয়ে নিহত মঞ্জুরুলের বড়ভাই ফরিদুল ইসলাম (৩৫) রাতেই তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।
স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান ওরফে বাচ্চা জানান, গত মঙ্গলবার দিবাগত রাত পৌঁণে ১২টার দিকে শাহাপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মঞ্জুরুল ইসলামের মরদেহ পড়েছিল। পরে পরিবারের লোকজন মরদেহটি বাড়িতে নিয়ে আসেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। সে এলাকার চিহ্নিত চোরাকারবারী। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি ২০ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আলমগীর কবির জানান, আমতলী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। সে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছে কিনা সেটি জানার জন্য বিএসএফের সাথে সকাল ১০টায় পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়া হয়েছে।
এ ঘটনায় দিনাজপুর জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন, চিরিরবন্দর (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমশিনার (ভূমি) রুনাল্ট চাকমা, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর এ কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















