গাইবান্ধার সাদুল্লাপুর থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি আনছার আলী (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব। এ মামলায় দীর্ঘ ১৯ বছর ধরে পলাতক থাকার পর তাকে গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৩ জুন) রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার আনছার আলী সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধৃত আসামি আনছার আলীর বৈবাহিক জীবনে তার স্ত্রীর সঙ্গে প্রায় সময়ই দাম্পত্য কলহ লেগে থাকতো। এরই জের ধরে গত ২০০৪ সালে ২৪ সেপ্টেম্বরতারিখে তার স্ত্রীর সঙ্গে মনমালিন্যতা থেকে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর থেকেই ভিকটিমের স্বামী আনছার আলী আদানগোপনে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের নিকট আত্নীয়-স্বজন তার বিরুদ্ধে ঘটনার পরদিন সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলা আসামি দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৩ জুন) র্যাব-১৩, গাইবান্ধা ও র্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের আভিযানিক দলের যৌথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বর্ণিত হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আনছার আলী জিএমপি, গাজীপুর গাছা থানাধীন কামার ঝুরি মধ্যপাড়া এলাকায় অবস্থান করছে। অত:পর ফোর্সসহ উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে হত্যাকারী আনছার আলীকে গ্রেফতার করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ নিজেকে আত্নগোপন করে বারবার তার অবস্থান পরিবর্তন করত। গ্রেফতারে পর জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। ধৃত আনছার আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















