লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তাইজুদ্দিন (৩৫) নামে এক যুবককে মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ আগস্ট) রাত ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ যুবকের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার বিকেলে কালীগঞ্জের পূর্ব দুহুলী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব দুহুলী এলাকার মৃত নজর আলীর ছেলে আব্দুল করিমের (৫০) সঙ্গে একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিনের (৪০) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে রিয়াজুদ্দিনের ছোট ভাই তাইজুদ্দিন দুহুলী বাজারে টিসিবির পণ্য তুলতে গেলে করিম মিয়া ও তার ছেলে আলামিনসহ কয়েকজন অতর্কিতভাবে হামলা চালান। তাইজুদ্দিনকে বেধড়ক মারধরের একপর্যায়ে ঘটনাস্থলে তিনি জ্ঞান হারান। এ ঘটনায় আবু জাফর, আইয়ুব আলী ও কামরুল ইসলাম নামে আরও তিন জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুদ্দিন মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই রিয়াজ উদ্দিন বুধবার (২ আগস্ট) সকালে কালিগঞ্জ থানায় কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, জমি সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষের মারামারি হয়। এতে তাইজুদ্দিন নামে এক যুবক গুরুতর আহত হলে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের বড় ভাই। দ্রুত আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।
ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 


















