গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাজি রাশেদুর রহমান লিপু নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তার এই মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মাঝে শুরু হয়েছে নানা গুঞ্জন। কেউ বলেছে গ্যাস ট্যাবেলট খেয়ে আত্নহত্যা আবার কেউ কেউ বলেছে অন্য কথা।
রোববার (৬ আগস্ট) বিকেলে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯ টার দিকে ঘটনা স্থলে যায় একদল পুলিশ।
কাজি রাশেদুর রহমান লিপু কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কাজিপাড়া গ্রামের মৃত কাজি মোয়াজ্জেম হোসেনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, কাজি রাশেদুর রহমান লিপুর পারিবারীক দ্বন্দ্ব চলে আসছিল। এছাড়া প্রাতিষ্ঠানিক সমস্যাও থাকতে পারে। এরই মধ্যে রোববার বিকেলে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হওয়ার খবর শোনা যায়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিপু মারা যায়। তার আকস্মিক মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমান আকন্দ বলেন, রাশেদুর রহমান লিপু নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তবে কিভাবে মৃত্যু হলো সেটি আমার সঠিক জানা নেই।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















