কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক অভিযানে ১ মণ গাঁজা ও ২০২ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ২টি অটোরিকশাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়। শুক্রবার (১৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
আটককৃতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার ছোট খাটামারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ওসমান আলী ও ফুলবাড়ী উপজেলার কদমতলা মন্ডলটারী গ্রামের মৃত্যু আনসার আলীর ছেলে রুহুল আমিন উকিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে নাগেশ্বরী পৌরসভার আশারমোড় এলাকার নাখারগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০২ বোতল ফেনসিডিলসহ ওসমান আলীকে আটক করা হয়।
অপরদিকে, উপজেলার সুখাতি এলাকার ভাটার মোড় থেকে দুটি অটোরিকশা থেকে ১ মণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় এক মাদক কারবারী পালিয়ে গেলেও রুহুল আমিন উকিল নামের মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আজ শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, কুড়িগ্রাম 

















