আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থীকের প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এসব প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত থেকে প্রতীক গ্রহণ করেন।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে পাঁচজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হয়, এর মধ্যে মোতাহার হোসেন (নৌকা-আ.লীগ), হাবিব মো. ফারুক (মশাল- জাসদ), আজম আজাহার হোসেন (মোমবাতি- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), কে এম আমজাদ হোসেন তাজু (ট্রাক- স্বতন্ত্র প্রার্থী), আতাউর রহমান প্রধানকে (ঈগল- আ.লীগ স্বতন্ত্র) প্রতীক দেওয়া হয়।
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে সাতজন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়। এর মধ্যে নুরুজ্জামান আহমেদ (নৌকা-আ.লীগ), সিরাজুল হক (ঈগল-আ.লীগ স্বতন্ত্র), রজব আলী (গোলাপফুল- জাকের পার্টি), মমতাজ আলী শান্ত (ট্রাক- স্বতন্ত্র), দেলোয়ার হোসেন (লাঙ্গল- জাতীয় পার্টি), শরিফুল ইসলাম (আম- ন্যাশনাল পিপলস্ পার্টি) ও দেলাব্বর হোসেনকে (ডাব- বাংলাদেশ কংগ্রেস) প্রতীক দেওয়া হয়।
এদিকে লালমনিরহাট-৩ (সদর) আসনে সাতজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরা হলেন, মতিয়ার রহমান (নৌকা- আ.লীগ), জাহিদ হাসান (লাঙ্গল- জাতীয় পার্টি), আশরাফুল আলম (চাকা- বাংলাদেশ সাম্যবাদী দল), আবু তৈয়র মো. আজমুল হক (মশাল- জাসদ), শামীম আহাম্মেদ চৌধুরী (সোনালী আশঁ-তৃণমূল বিএনপি), শ্রী হরিশ চন্দ্র রায়, (আম- ন্যাশনাল পিপলস্ পার্টি) এবং জাবেদ হোসেন (ঈগল-আ.লীগ স্বতন্ত্র)
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্য দিয়ে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আচরণ বিধি মেনে যাতে সবাই প্রচারণা চালায় সে নির্দেশনা দেওয়া হয়েছে। আচরণবিধি মানাতে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করে ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হয় ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১৭ ডিসেম্বর। আজ ১৮ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
শাহজাহান সাজু , ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















