লালমনিরহাট সদর হাসপাতাল থেকে সরকারি স্যালাইনসহ সাখাওয়াত হোসেন লাবু (৩৪) নামের এক সরকারি ঔষধ চোরাকারবারিকে আটক করেছেন স্থানীয়রা।
বুধবার (২০ডিসেম্বর) দুপুরে বস্তায় করে স্যালাইনের প্যাকেট নিয়ে যাওয়ার সময় হাসপাতালের মূল ফটক থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ এসে স্যালাইনসহ তাকে থানায় নিয়ে যায়। আটক লাবু পৌরসভার সাপটানা এলাকার আফজাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর হাসপাতালের ভেতর থেকে একটি বস্তা নিয়ে বের হচ্ছিলেন লাবু। তাকে সন্দেহ হলে হাসপাতালের মূল ফটকের সামনে স্থানীয়রা আটক করেন। এ সময় বস্তার ভেতর থেকে বিক্রয় নিষিদ্ধ সরকারি স্যালাইন উদ্ধার করা হয়। পরে তারা লাবুকে হাসপাতালের তত্ত্বাবধায়ক রমজান আলীর কাছে নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রমান পাওয়ায় তত্ত্বাবধায়ক তাকে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক রমজান আলী বলেন, “স্থানীয়রা ১৫ প্যাকেট স্যালাইনসহ একজনকে আটক করে পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আর স্যালাইনগুলো হাসপাতালের কি না এবং কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি স্যালাইনসহ একজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শাহজাহান সাজু , ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















