গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব। একই সঙ্গে আশরাফুল ইসলাম (৩০) ও তুহিন মিয়া (২৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার আশরাফুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রোমের মৃত তারা মিয়ার ছেলে ও তুহিন মিয়া পলাশবাড়ী উপজেলার বিষ্ণপুর গ্রামের এনামুল হকের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার ঠুটিয়াপুকুর এলাকায় মাদক বিক্রির অপেক্ষা থাকা আশরাফুল ইসলাম ও তুহিন মিয়ার দেহ তল্লাশি করে ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















