দিনাজপুরের চিরিরবন্দরে ঋণের সুদের টাকার চাপ সইতে না পেরে ধনপতি রায় (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। এ ঘটনাটি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিঙ্গানগর গ্রামের মাঝাকুটি নামক স্থানে গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যার পর যেকোন সময় ঘটেছে।
জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিঙ্গানগর গ্রামের সুধীর মেম্বার পাড়ার ললিত চন্দ্র রায়ের ছেলে ধনপতি রায় (৪০) গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করলে সন্ধ্যার পর নদীর পাড় হতে আসা ভবেশ চন্দ্র রায় নামে জনৈক পথচারী নদীর ধারে লিচু বাগানে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি অবহিত করেন। বিষয়টি থানায় জানালে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরে ঋণের টাকার সুদ পরিশোধের জন্য সারাক্ষণ গম্ভীর হয়ে থাকত। গত ৩দিন যাবত ঠিকমত খাওয়া-দাওয়া করছিল না। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















