তীব্র শীতে ঠান্ডার তীব্রতা থেকে রক্ষা পেতে দিনাজপুরের খানসামা উপজেলায় ৪০০ শীতার্ত মানুষ পেলেন গরম কাপড়। এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য।
বুধবার উপজেলার রামকলা মাঠে জনতা ব্যাংকের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য। এসময় তিনি বলেন, তীব্র শীতে প্রতিবছরের ন্যায় এবারো আমি আমার এলাকার মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করছি। “আমাদের এই সামান্য প্রচেষ্টায় হয়তবা কিছু অসহায় শীতার্ত মানুষকে উষ্ণতা প্রদান করলেও শত সহস্র মানুষ এর বাইরে। তাই আমরা চাই রাষ্ট্রের প্রত্যেক বিত্তবান কিংবা স্বাবলম্বী মানুষ এসব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াক। সবাই যদি সবার জায়গা থেকে এগিয়ে আসে তাহলেই আমাদের এই উদ্যোগ স্বার্থকতা লাভ করবে।
এসময় অনুষ্ঠানে জনতা ব্যাংক নীলফামারী শাখার ব্যাবস্থাপক আবু সুফিয়ান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক, ইউপি সদস্য মোজাহারুল ইসলাম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















