দিনাজপুরের খানসামা উপজেলায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)’র স্বল্প মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অনিয়মের ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদে ঘটেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে তাদের শোকজ করা হয়েছে। অভিযুক্তরা হলেন- উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মাজেদুল ইসলাম ও ৯নং ওয়ার্ডের সদস্য মমিনুল হক। গত বৃহস্পতিবার টিসিবি’র সুবিধাভোগীদের কার্ড দিয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা গোপনে পণ্য উত্তোলন করেন। এ খবর পেয়ে আর্কস্মিক পরিদর্শনে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন। এসময় অনিয়মের সত্যতা পান তিনি।
জানা গেছে, উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নে ৩ হাজার ৫০০ জন টিসিবি সুবিধার আওতায় রয়েছেন। এরা প্রত্যেককে ৪৭০ টাকার বিনিময়ে প্রতিমাসে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল ক্রয় করতে পারবেন। তবে পরিচিত পরিবারের কার্ড হালনাগাদ চলমান থাকায় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা প্রকৃত সুবিধাভোগীদের অজ্ঞাতে নিজেদের খেয়ালখুশি মতো করে টিসিবি’র পণ্য উত্তোলন করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আর্কস্মিক পরিদর্শনে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে টিসিবি পণ্য ক্রয়ের সময় ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ৭৬টি, ৫নং ওয়ার্ডের ৫টি, ৮নং ওয়ার্ডের ৬টি ও ৯নং ওয়ার্ডের ২২টি প্রকৃত উপকারভোগীর কার্ডসহ হাতেনাতে দুই ইউপি সদস্যকে শনাক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন।
আরো জানা গেছে, পণ্য বিক্রয়কারী ডিলারের লোকজন তালিকা ও কার্ডের সঙ্গে ক্রয়কারীর পরিচয় মিলিয়ে দেখছেন না। যিনি কার্ড নিয়ে এসেছেন তিনি প্রকৃত কার্ডধারী কিনা তা যাচাই করছেন না। ফলে এক নামীয় কার্ডের পণ্য অন্যজন তুলছেন।
এ ব্যাপারে ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, অফিস প্রধান হিসেবে কারণ দর্শানোর চিঠি পেয়েছি। নির্ধারিত সময়ে লিখিত জবাব প্রদান করব। অনিয়মের বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় দুইজন ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে ইউএনও মহোদয় ডেকেছিল।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, আর্কস্মিক পরিদর্শনে গিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় ইউপি চেয়ারম্যান ও দুইজন ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তাদের লিখিত জবাবের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















