লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের সেতু বাজার এলাকার শিশু রোমান হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যায় জড়িত একই এলাকার আশিকুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম। এর আগে শনিবার (৩০ মার্চ) বিকেলে ওই এলাকার তামাক ক্ষেত থেকে পুঁতে রাখা রোমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত রোমান ওই ইউনিয়নের খোলাহাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গ্রেপ্তার আসামি আশিকুর রহমান একই এলাকার মুছা মিয়ার ছেলে। তিনি বিভিন্ন চুরির সাথে জড়িত থাকত বলে জানা গেছে।
পুলিশ সুপার বলেন, মাস খানেক আগে ভাদাই খোলাহাটি এলাকার মোকসেদুল ইসলামের মায়ের ছাগল চুরি করে বিক্রি করে আসামি আশিক রহমান। চুরির সময় শিশু রোমান মিয়া তা দেখে ফেলে এবং পরবর্তীতে সালিশে সাক্ষ্য দিলে আশিকের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর রোমান আশিকুরকে দেখে কয়েক বার ছাগল চোর বলে ঠাট্টা করে। এতে আরও ক্ষিপ্ত হয়ে গত ২৯ মার্চ বিকেলে শিশু রোমানকে সেতু বাজারের তার বাবার কম্পিউটারের দোকান থেকে ডেকে ভুলিয়ে ভালিয়ে সন্ধ্যা হলে তামাক ক্ষেতে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে গলাটিপে, শ্বাসরোধ ও ঘাড় মটকে হত্যা করে। পর দিন তামাক ক্ষেতে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের কয়েকটি টিম তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন জনের সহযোগিতায় আশিক রহমানকে গ্রেপ্তার করে। আশিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছ বলেও জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সদর সার্কেলের ফজলুল হক, আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী, মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিককরা উপস্থিত ছিলেন।
শাহজাহান সাজু, ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 


















