লালমনিরহাটের কালীগঞ্জে হিটস্ট্রোকে রাশেদুল ইসলাম (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের চামটার বাজারে তার মৃত্যু হয়। রাশেদুল ইসলাম হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোর্দ্দ বিছনদই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। তিনি আগে পেপার বিক্রেতা হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে একটি কমিউনিটি ক্লিনিকের জন্য মাইকিং করতে চামটার বাজারে যান রাশেদুল ইসলাম। দুপুরে চামটারহাট এলাকার একটি হোটেলে খাবার খেয়ে বের হওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঘটনাস্থলে মৃত্যু হয় রাশেদুল ইসলামের।
ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, রাশেদুল ইসলাম অতিরিক্ত গরমে মাইকিং করতে যান চামটার বাজারে। দুপুরে খাবার খাওয়ার পর তিনি মারা যান।
ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভেকেট মশিউর রহমান বলেন, প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রাশেদুল ইসলাম। তিনি হিটস্ট্রোকে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, বিষয়টি জেনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।
ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 


















