ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে কাল ২১ মে মঙ্গলবার গাইবান্ধা সদর, পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন চলবে।
এ নির্বাচন উপলক্ষে সোমবার (২০ মে) ওইসব উপজেলার কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জামাদি পাঠানো হয়েছে।
মঙ্গলবার এসব ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌছে দেয়া হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সকল ধরণের প্রস্ততির কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব।
জানা যায়, গাইবান্ধার ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গাইবান্ধা সদরে ৭ জন, পলাশবাড়িতে ৬ জন ও গোবিন্দগঞ্জে ২ জন। এছাড়া সদরে ভাইস চেয়ারম্যান পদে ৮ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, পলাশবাড়িতে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং গোবিন্দগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান ৭ জন প্রার্থী ভোটের মাঠে আছেন।
এই তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৬১৩ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৬৭৫ জন এবং হিজড়া ১৩ জন রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, ওই তিন উপজেলায় ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে ৪১৮টি এবং ভোট কক্ষ ২ হাজার ৮৮৩টি। এসব ভোট কেন্দ্রে ভোটারদের ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন ৪১৮ জন প্রিজাইডিং অফিসার। এছাড়া আনসার ও পুলিশ ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। অপরদিকে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৬ প্লাটুন বিজিবিসহ র্যানব ও পুলিশ স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















