লালমনিরহাটে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত দ্রব্যের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (১ জুন) সকাল সাড়ে ১০ টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাণিসম্পদ দপ্তর লালমনিরহাট প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন,জেলা প্লোট্রি এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আলম শেখ ও জেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস ছামাদ। প্রধান সমন্বয়কারী ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় অতিথিরা বলেন, দুধ হচ্ছে একটি সুষম খাদ্য। দেহের মধ্যে জৈবিক ক্রিয়া, বৃদ্ধি ও শরীর গঠনের জন্য প্রয়োজনীয় প্রায় সকল উপাদান দুধে বিদ্যমান রয়েছে। দুধ ও দুগ্ধজাত খাবার প্রোটিনের একটি ভালো উৎস। তাই দেশে দুগ্ধ খাতের উন্নয়নে আরও গবেষণার প্রয়োজন।
বিশেষ করে আরও বেশি পুষ্টিকর দুগ্ধজাত খাবার সৃষ্টি করা প্রয়োজন, যা ভোক্তার সুস্থ জীবন যাপনে সহায়তা করবে। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত নিয়মিত দুধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণ করে দেহের পুষ্টি চাহিদা পূরণের মাধ্যমে মেধাবি জাতি গঠন করা ও বার্ধক্যের সুস্বাস্থ্য নিশ্চিত করা।
এর আগে, “বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য”- এই প্রতিপাদ্যে জেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 
















