গাইবান্ধা সদর উপজেলায় ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোলাম মাওলা প্রধান (৫২) নামের সাদুল্লাপুরের এক গম ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় গম বহনকারী অটোরিকশা চালক আহত হয়েছেন।
রোববার বিকেলের দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মাওলা সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (সোনারপাড়া) গ্রামের মৃত আকবর আলী প্রধানের ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকালে গোলাম মাওলা গম ক্রয় করতে বাড়ি থেকে গাইবান্ধা শহরে আসেন। এরপর বিকেল সোয়া তিনটার দিকে শহর থেকে গম ক্রয় করে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। পথেই সাদুল্লাপুর সড়কের খোলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ডাম্প ট্রাক অটোটিকে ধাক্কা দেয়। এতে অটো চালক ছিটকে পড়ে গেলেও গোলাম মাওলা রাস্তায় পড়ে যায়। এসময় অটো চালক প্রাণে বাঁচলেও ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় গোলাম মাওলা।
স্থানীয়রা অটোচালককে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিক অটোচালকের পরিচয় জানা যায়নি।
গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল ইসলাম বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ডাম্প ট্রাকটি আটক করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















