সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার দুইটি গ্রামে ঈদুল আজহা পালিত হয়েছে।
রোববার (১৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর পুর্বপাড়া জামে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়।
এই নামাজে ইমামতি করেন মাওলানা মো. সাইফুল ইসলাম। নামাজে স্থানীয়দের পাশাপাশি দুর-দুরান্ত থেকে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
অপরদিকে, সকাল ৯টার দিকে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা মধ্যেপাড়া আহেলা হাদিস জামে মসজিদে ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হয়। এই নামাজে কয়েকটি পরিবারের ৩০-৩৫ জন মুসল্লি অংশ নেয়। এখানে ইমামতি করেন হাফেজ মো. মশিউর রহমান।
নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানায়, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত ও একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন মুসল্লিরা। এরপর পশু কোরবানিও করবেন তারা।
এ বিষয়ে ইমাম মাওলানা মো. সাইফুল ইসলাম জানান, চাঁদ দেখার ভিত্তিতে মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করি, যা কুরআন ও হাদিস সম্মত। আগামীতে বিশ্বের সকল মুসলিম ঐক্য হওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, মধ্যেপ্রাচ্যের সঙ্গে মিল রেখেই সকল মুসলিম একদিন একসঙ্গে ঈদ উদযাপন করবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















