গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রতন মন্ডল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী হাজেরা বেগম (২৫) আহত হয়।
শুক্রবার (২১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বালুয়া নামকস্থানে ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রতন মন্ডল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আজ সকালের দিকে মোটরসাইকেল চড়ে রতন মন্ডল তার স্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এরপর দুপুরের দিকে গোবিন্দগঞ্জের বালুয়া নামকস্থানে পৌঁছিলে অপর একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে রতন মন্ডল মারা যায় এবং তার স্ত্রী হাজেরা বেগম গুরুতর আহত হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, রংপুরগামী বাস (ঢাকা-মেট্রো-স ১১-০৭৫৭) এর সাথে বিপরীতমুখী মোটরসাইকেল (ঢাকা মেট্রো- ল ২৬-৮১১৮) এর মুখোমুখি সংর্ঘষে এই দুর্ঘটনা ঘটে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















