গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আখিরা নদী থেকে আজ্ঞাত (২৯) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুলাই) দুপুরের দিকে উপজেলার ধাপেরহাট জামদানীঘাট ব্রিজ সংলগ্ন আখিরা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালের দিকে ওইস্থানে জেলেরা মাছ ধরতে গেলে নারীটির ভাসমান মরদেহ দেখতে পায়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
এদিকে, এই লাশের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়- সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দক্ষিণ ফরিদপুর গ্রামের মোসলেম উদ্দিনের পরিবার। তাদের মোসলেমা বেগম নামের এক মেয়ে কয়েকদিন আগে নিখোঁজ হয়েছে। এটিই মোসলেমার মরদেহ বলে দাবি করেন তারা। লাশটি পচেঁ বিভৎস্য হওয়া নাম-পরিচয় নিয়ে জটিলতার সৃষ্টি হয়।
এ তথ্য নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য একরামুল মিয়া বলেন, ওইস্থানে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশটি দেহে পঁচন ধরায় তাৎক্ষণিক নাম-পরিচয় সনাক্ত করা যায়নি।
এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী বলেন, ওইস্থানে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনা শুনেছি। ব্যাপারটি নিয়ে ওসি স্যারের সঙ্গে যোগাযোগ করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোনটি কেটে দেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















