লালমনিরহাটে একটি হত্যা মামলায় আনসার আলী মেম্বার (৬০) ও আব্দুল মজিদ ওরফে উড়ি মজিদ (৫০) নামে দুইজনকে যাবজ্জীবন ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অভিযুক্ত বাকিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার (১৮ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন।
সাজাপ্রাপ্ত আনসার আলী লালমনিরহাট সদর উপজেলার কিসামত বিদ্যাবাগিস এলাকার মৃত ওমর আলীর ছেলে ও আব্দুল মজিদ একই এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে জমি সংক্রান্ত বিষয়ে জনৈক মিঠু প্রফেসরের জমিতে বিদ্যাবাগিস এলাকার শ্রী বিনোদ চন্দ্রের ছেলে স্বপন রায়কে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যান আসামিরা। পরের দিন নিহতের ভাই গোবিন্দ রায় লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানির পর আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি আনসার আলী ও আব্দুল মজিদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। অপর তিন আসামি নরেশ চন্দ্র, ওমিজা বেগম ও মাহবুবার রহমানকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 

















