দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামান বুলুর পদত্যাগের দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে।
বুধবার সকালে ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে দেবীগঞ্জ বাজারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দীর্ঘ ৩ ঘন্টা রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাখে শিক্ষার্থীরা।
সরজমিন দেখা গেছে, শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দেন। শিক্ষার্থীদের মহাসড়ক সড়ক অবরোধের কারণে রংপুর-দিনাজপুর মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।
মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণ, নারী কেলেংকারীসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামান বুলু বিভিন্ন দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত। আমাদের বিদ্যালয়টিকে তিনি ওনার মর্জি মতো চালান। প্রতি সপ্তাহে তিনি একদিন এই স্কুলে পিকনিক পার্টি করতেন। আমাদের বাবা-মা কষ্ট করে টাকা দিতেন আর উনি সেই টাকা দিয়ে নিজের মতো বিলাসিতা করেন। কেউ উনার উপরে কথা বললে পারতেন না। আমরা তার পদত্যাগ চাই। দ্রুত পদত্যাগ না করলে কঠিন আন্দোলনের ডাক দেয়া হবে। শিক্ষার্থীরা আরও বলেন, দফা এক, দাবি এক প্রধান শিক্ষকের পদত্যাগ। তিনি দুর্নীতিবাজ, তাকে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের প্রধান দাবি আমরা দূর্নীতিমুক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান চাই। বিদ্যালয়টিকে দূর্নীতি মুক্ত করতে হলে প্রধান শিক্ষকের পদত্যাগ করতে হবে।
স্থানীয়রা জানান, ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ের পাশেই প্রধান শিক্ষকের নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। একজন প্রধান শিক্ষক হয়ে বিদ্যালয়ের সাথে কি আর একটা প্রতিষ্ঠান দিতে পারেন। একজন প্রধান শিক্ষক স্কুলে সময় না দিয়ে বেশির ভাগ সময় বাহিরে কাটান । আমরা শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করে প্রসাশনের কাছে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানাচ্ছি।২৪ ঘন্টার মধ্যে প্রধান শিক্ষক খালেকুজ্জামান বুলুকে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরও যদি পদত্যাগ না করেন তাহলে আবারও মহাসড়ক অবরোধ ও স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেবেন বলে জানিয়েছেন তারা।
এবিষয়ে ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামান বুলুর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে বিদ্যালয়ের অফিসে পাওয়া যায়নি।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















