কয়েকদিনের আর্কস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল। তারা বন্যার্তদের সহযোগিতার জন্য ৮৬ হাজার দুই টাকা অনুদান প্রদান করেছেন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে।
জানা গেছে, উপজেলার ভিয়াইল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের প্রধান পৃষ্টপোষক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় আর্কস্মিক বন্যায় বন্যাদূর্গত ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে বন্যার্তদের সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এ উপলক্ষে গত ২৪ আগস্ট ভিয়াইল ইউনায়ন স্বেচ্ছাসেবক দল দেশের চলমান বন্যা পরিস্থিতি ও বন্যা কবলিত এলাকার মানুষের দূর্ভোগ দেখে একটি দল গঠন করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য অনুদান সংগ্রহ করেন। এসময় তিনি নিজেই ১০ হাজার টাকা প্রদান করে অনুদান সংগ্রহ কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এসময় বীরমুক্তিযোদ্ধা সুরেন্দ্র নাথ রায়, ইউপি সদস্য সাইফুল ইসলাম, লোকনাথ রায়, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, ডা. হাসিনুর রহমান, তালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়, মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হেমন্ত কুমার রায়, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত ২৮ আগস্ট বুধবার ভিয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ সোনালী ব্যাংক লি. চিরিরবন্দর শাখার মাধ্যমে সংগৃহিত অনুদানের টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করেন।
মো. রফিকুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















