গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহাসড়কে একটি ট্রাকের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব। একইসঙ্গে একটি মোটরসাইকেলসহ ওই ট্রাকটিও জব্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন- নড়াইল সদর উপজেলার ভদ্রবেলা গ্রামের হারুন অর রশিদের ছেলে নাহিদ মিয়া (২৭), যশোরের অভয়নগর উপজেলার সময়েল্লেম তলা গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে নাজমুল বিশ্বাস (২৬) ও নজরুল ইসলাম মোল্লার ছেলে আব্বাস মোল্লা (২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ মোড়ের ফ্লাইওভারের পূর্বপাশে অভিযান পরিচালনা করে। এসময় রংপুর-ঢাকা মহাসড়কের একটি ট্রাক তল্লাশি করা হয়। এতে থাকা ৩০ কেজি শুকনো গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ট্রাকটি জব্দ করা হয়। একই সাথে ওই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এই আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 









