মো. রফিকুল ইসলাম: শিশুদের চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন খেলনার পাশাপাশি মেধা বিকাশে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ চত্বরে নির্মাণ করা হয়েছে নান্দনিক একটি শিশু পার্ক। এ শিশু পার্কে শোভা পাচ্ছে শিশুদের বিভিন্ন প্রকার খেলাধূলার রাইড ও পশু-পাখির ম্যুরাল।
পার্কে দেখা যায়, শিশুদের চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন খেলনার পাশাপাশি মেধা বিকাশের জন্য নির্মাণ করা হয়েছে পশু-পাখির ম্যুরাল। এতে শিশু ও দর্শনাথীরা বিনোদন-বেড়ানোই নয়, হারিয়ে যাওয়া বিভিন্ন পশু-পাখির ছবির সঙ্গে পরিচিত হতে ও শিক্ষা গ্রহণ করতে পারবে। এ শিশু পার্কে প্রবেশের সময় শিল্পী ও ফটোগ্রাফারের ম্যুরাল আগতদের ছবি তুলছে আর সম্ভাষণ জানাচ্ছে। পার্কের মধ্যে দাঁড়িয়ে আছে দুইটি হরিণ। তাদের একটি শাবক ঘাস খাচ্ছে। তার পাশে পাঁচটি বক দিয়ে নির্মিত চত্বরে পানিতে ভাসমান কুমির আর রয়েল বেঙ্গল টাইগার মুখ হাঁ করে হরিণের দিকে তাঁকিয়ে আছে। পার্কের পশ্চিম-উত্তর দিকে সাজানো রয়েছে বল্লম হাতে খরগোশ, হাতি, ঘোড়া, প্রজাপতি, জিরাফ ও সিংহের ম্যুরাল। উত্তর-পূর্ব দিকে উড়ন্ত ঈগল, দাঁড়ানো উটপাখি ও ছবি তোলার জন্য নির্মিত রাস্তার দুই পাশে দুইটি পেঙ্গুইন। তার সামনে শালিক, ময়না, ডাহুক পাখি ও নাচ অবস্থায় দুইটি ডলফিন। পূর্বদিকে মুখোমুখী ড্রাগন ও ডাইনোসর। মাঝখানে একটি মোরগ। তারপাশে কুনোব্যাঙ ও কচ্ছপ। তাদের সামনে কলা খাওয়া অবস্থায় বানর ও স্যালুট অবস্থানে গরিলা। বানর আর গরিলার দক্ষিণ পাশে রয়েছে তিনটি জেব্রা।
মো. রফিকুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















